প্রশান্ত বর্মণ এখনও অধরা কেন? হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

কলকাতা: সুপ্রিম কোর্ট, হাইকোর্টের একাধিক নির্দেশ ও সময়সীমা বেঁধে দেওয়া সত্ত্বেও খুনের মামলায় মূল অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে ধরতে পারেনি পুলিশ। পুলিশের খাতায় ফেরার হলেও প্রশান্তকে শিবমন্দিরের বাজারে দেখা গিয়েছিল।

পালাবদলের পরও প্রশান্তকে ধরতে পারেনি পুলিশ। কুর্সি পরিবর্তনের পর আচমকাই তাকে দেখা গিয়েছিল নিউটাউনে। ‘মদ্যপ’ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে জনতার হাতে আটক হন প্রশান্ত। সেবেলাও পুলিশ কিছু করতে পারেনি কার্যত। পরবর্তীতে আদালতের ১০ দিনের গ্রেপ্তারির টাইমলাইন জারি করলেও প্রতিবারের মত সেটাও বিফলে গেল। প্রশান্ত বর্মণকে আদোও গ্রেপ্তার করার ক্ষমতা পুলিশের রয়েছে কি না সেই প্রশ্নই তুলে দিয়েছেন জন সাধারণ।

দেশের সর্বোচ্চ আদালতের সুস্পষ্ট আইনি নির্দেশিকা সত্ত্বেও কীভাবে একজন হাইপ্রোফাইল অভিযুক্ত দিনের পর দিন পুলিশের ধরাছোঁয়ার বাইরে? কেন গ্রেপ্তার করা যাচ্ছে না প্রশান্তকে? সেই প্রশ্ন তুলে এবং গ্রেপ্তারির দাবি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। দীর্ঘদিনের প্রশাসনিক নির্লিপ্ততা ও চূড়ান্ত পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রশ্ন তুলেছে মামলাকারী। জানা গেল, মানবাধিকার ও আইনি সচেতনতামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আত্মদীপ’-এর পক্ষ থেকে এই মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী প্রসূন মৈত্র।

About The Author