সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে দেওয়া হবে ১ গ্রামের সোনার আংটি! তামিলনাডুতে নবজাতকের জন্য অভিনব জনকল্যাণমূলক উদ্যোগ চালু করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ঘোষণা করেছেন, সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে উপহার হিসেবে দেওয়া হবে ১ গ্রামের একটি সোনার আংটি। এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘থাইমামান থাঙ্গা মোথিরম থিত্তাম’ বা ‘সোনার আংটি প্রকল্প’।
তামিল সংস্কৃতিতে মামার বাড়ি থেকে নবজাতককে উপহার দেওয়ার যে ঐতিহ্য রয়েছে, সেটিকেই সরকারি রূপ দেওয়া হচ্ছে এই প্রকল্পে। ছেলে-মেয়ে নির্বিশেষে প্রতিটি নবজাতকই এই উপহার পাবে। এমনকি প্রথম সন্তান বা পরবর্তী সন্তান, সবাই সমানভাবে যোগ্য।
সরকারি তথ্য অনুযায়ী, বছরে প্রায় ৭.৮ লাখ শিশুর জন্ম হয় তামিলনাডুতে, যার মধ্যে ৫৩ শতাংশ সরকারি হাসপাতালে। এই প্রকল্পের জন্য বার্ষিক প্রায় ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সূচনা হবে, তবে মুখ্যমন্ত্রীর জন্মদিন ২২ জুন থেকেই সুবিধা কার্যকর হয়েছে।

