তারাতলার ভয়াবহ গুদাম বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জন। বুধবার দুপুরে নির্মীয়মাণ গুদামের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রায় ৪০ জন শ্রমিক চাপা পড়েন। রাতভর উদ্ধারকাজ চলে। এখনও কয়েকজন আটকে রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ইতিমধ্যেই গুদামের মালিক শম্ভুনাথ বেহরা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন এক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সুপারভাইজ়ার, লেবার সাপ্লায়ার এবং বিল্ডিং প্ল্যান পাশ করাতে সাহায্য করা এক ব্রোকারও।
জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা ও দমকলের সদস্যরা উদ্ধারকাজে যুক্ত হয়েছেন। হাইড্রোলিক ক্রেন ও গ্যাস কাটার দিয়ে আটকে থাকা শ্রমিকদের বের করার চেষ্টা চলছে। মৃতদের পরিবারকে রাজ্য সরকার ১০ লক্ষ টাকা এবং কেন্দ্র সরকার ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে। আহতদের চিকিৎসার খরচও বহন করবে সরকার।

