তারকেশ্বর যাওয়ার পথে নয়ানজুলিতে উলটে গেল যাত্রীবোঝাই বাস। বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। মৃত্যু হয়েছে দুই মহিলার।
মঙ্গলবার সকালে আদমবাঁধ এলাকায় বর্ধমান-তারকেশ্বর রুটের একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায়। বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলেই মৃত্যু হয় পূর্ব বর্ধমানের ধাড়ান এলাকার বাসিন্দা লক্ষ্মী মুর্মু (৬৫) ও শর্মিলা সরেনের (৩৫)। তাঁরা তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে, অ্যাম্বুল্যান্স দেরিতে পৌঁছনো এবং উদ্ধারকাজে বিলম্বের কারণে পরিস্থিতি আরও জটিল হয়। ক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভ দেখান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাসের পাতি ভেঙে যাওয়াই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার জন্য বারবার আবেদন করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

