ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের ভিড়, বিএসএফের কড়া নজরদারি।
কোচবিহার মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে জিরো পয়েন্টে বাংলাদেশিদের ভিড়; অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, বিএসএফের কড়া নজরদারি ও অতিরিক্ত নিরাপত্তা।
শুক্রবার সকাল থেকে তীব্র উত্তেজনা চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের ১৩৪ নম্বর পানিশালা সীমান্ত এলাকায়। জিরো পয়েন্টে বহু বাংলাদেশি নাগরিক ভিড় জমায়। অভিযোগ ওঠে, তাঁরা ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে বিএসএফের কড়া নজরদারিতে সেই চেষ্টা ব্যর্থ হয়।
বাংলাদেশি নাগরিকদের একাংশের দাবি, বিএসএফ ১০ জন ভারতীয়কে বাংলাদেশ ভূখণ্ডে পুশইনের চেষ্টা করেছে। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বর্তমানে ওই ১০ জন ব্যক্তি জিরো লাইনের কাছে অবস্থান করছেন বলে জানা গেছে।
বিএসএফ স্পষ্ট জানিয়েছে, বৈধ নথিপত্র ছাড়া কাউকে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসন ও বিএসএফ সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছে। উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। সীমান্তে এখন কড়া নিরাপত্তা বলয় বজায় রাখা হয়েছে।

