১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

দেশজুড়ে জ্বালানি বাজারে ফের ধাক্কা। মাত্র ১০ দিনের মধ্যে চতুর্থবার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে প্রায় ২.৮৭ টাকা, ডিজেলের দাম বেড়েছে ২.৮০ টাকা। নতুন দামে কলকাতায় পেট্রোল লিটারপ্রতি ১১৩ টাকা ৫১ পয়সা এবং ডিজেল ৯৯ টাকা ৮২ পয়সা হয়েছে।

দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০২ টাকা ১২ পয়সা, ডিজেল ৯৫ টাকা ২০ পয়সা। মুম্বইতে পেট্রোল ১১১ টাকা ২১ পয়সা এবং ডিজেল ৯৭ টাকা ৮৩ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম হয়েছে ১০৭ টাকা ৭৭ পয়সা, ডিজেল ৯৯ টাকা ৫৫ পয়সা।

মাত্র ১০ দিনে জ্বালানি তেলের দাম বেড়েছে গড়ে ৭ টাকার বেশি। এর ফলে পরিবহণ খরচ বাড়ছে, বাসচালকদের সংগঠন ইতিমধ্যেই ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়ও এর প্রভাব পড়ছে—দুধ ও রুটির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে শুরু করেছে।

বিশেষজ্ঞদের মতে, ইরান যুদ্ধ ও হরমুজ সংকটের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। দীর্ঘদিন ধরে তেল সংস্থাগুলি দাম বাড়ানোর চাপ দিচ্ছিল, ভোটপর্ব শেষ হতেই সরকার দফায় দফায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

About The Author