কলকাতা: হাওড়া স্টেশনে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন নির্দেশে প্রশাসনিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। বৃহস্পতিবার হাওড়ার বৈঠকে তিনি স্পষ্ট জানান, যদি কোনও বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়েন, তাঁকে আদালতে পেশ করার প্রয়োজন নেই, বরং সোজা সীমান্তে বিএসএফ চৌকিতে পৌঁছে দিতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ কমিশনার ও আরপিএফকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে হাওড়া স্টেশন চত্বরে কড়া নজরদারি থাকে। ধৃতদের ভালভাবে খাওয়াদাওয়া করিয়ে বনগাঁ পেট্রাপোল বা বসিরহাট সীমান্ত চৌকিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি আরও জানিয়েছেন, প্রতি সপ্তাহে কত জন অনুপ্রবেশকারী ধরা পড়ছেন তার হিসাব ডিজিপি মারফত তাঁর দফতরে পাঠাতে হবে।
এই নির্দেশের পেছনে কেন্দ্রীয় সরকারের গত বছরের নির্দেশিকাকেই কার্যকর করা হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। পূর্বতন সরকার তা কার্যকর করেনি, কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতিমতো পদক্ষেপ শুরু করেছে। উল্লেখযোগ্য, সিএএ আইনের আওতায় নির্দিষ্ট ছ’টি সম্প্রদায়ের শরণার্থীদের ভারতে থাকার অধিকার দেওয়া হলেও অন্য অনুপ্রবেশকারীদের সরাসরি সীমান্তে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই পদক্ষেপে রাজ্যের নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণে নতুন মাত্রা যোগ হবে বলে প্রশাসনিক মহলের মত।

