জলপাইগুড়িতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!
সদর বিধানসভায় নির্বাচনী জনসভায় বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নারায়ণপুরে এসজেডিএ ময়দানের দলীয় সভায় তিনি অভিযোগ করেন, “জলপাইগুড়ির বিজেপি প্রার্থী সারাদিন ঠিক অবস্থায় থাকেন না, নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকেন। মদ্যপানে আশক্ত এবং মহিলাদের প্রতি খারাপ আচরণ করেন।”
অভিষেক বলেন, তিনি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করতে চান না, তবে জনগণের সামনে প্রার্থীর চরিত্র ও আচরণ তুলে ধরা তাঁর দায়িত্ব। একই সঙ্গে তিনি চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দেন এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন।
সভায় তিনি আরও দাবি করেন, বিজেপি রাজবংশী সমাজকে প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করেছে এবং কৃষকদের সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি তিনি তৃণমূলের ইস্তেহারের প্রতিশ্রুতিগুলি উল্লেখ করে বলেন, কৃষকদের আর্থিক সহায়তা ও চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি বেরুবারি গ্রামপঞ্চায়েতের সিপাই পাড়ায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে জনসভা করেন তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জী। সভামঞ্চ থেকে তিনি জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের ভূয়সী প্রশংসা করে বিজেপি প্রার্থী আইনজীবী অনন্তদেব অধিকারীকে মদ্যপ ও দুশ্চরিত্র বলেন।আর এতেই বিতর্ক শুরু হয়েছে।
তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস অভিষেক ব্যানার্জীর মন্তব্যকে সম্পুর্ন সমর্থন করে বলেছেন অভিষেক ব্যানার্জী প্রমান হাতে না নিয়ে কোনও কথা বলে না।আমরা ধাপে ধাপে বিজেপি প্রার্থীর সম্ভন্দে আরও অনেক কিছু সামনে আনতে যাচ্ছি। বিষয়টি নিয়ে কমিশন ও আদালতের দারস্থ হতে চলেছে বিজেপি।

