প্রচার শেষে বাড়ি ফেরার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। ট্রাকের সঙ্গে সংঘর্ষ থেকে বাঁচতে গিয়ে নয়ানজুলিতে পড়ল প্রার্থীর গাড়ি। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।
শনিবার রাতে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি প্রচার শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকারপুর পাঁচমাইল সংলগ্ন এলাকায় রাজ্য সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গিয়ে রাস্তার ধারে থাকা একটি জলাশয়ে পড়ে যায়।
দলীয় কর্মীরা তড়িঘড়ি করে সাবিত্রী বর্মনকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বিজেপি নেতা গৌতম সরকার অভিযোগ করেছেন, উল্টো দিক থেকে একটি ট্রাক হঠাৎ সামনে চলে আসায় গাড়ি নিয়ন্ত্রণ হারায়। তাঁর দাবি, প্রার্থীকে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে তৃণমূল। যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে।

