মালদহের মোথাবাড়ি কাণ্ডে মূল অভিযুক্ত মিম (AIMIM) নেতা ও আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মালদহ জেলা আদালত। শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা করার সময় তাঁকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ।
তদন্তকারীদের দাবি, ঘটনার দিন ব্লক অফিসের সামনে দাঁড়িয়ে তিনি জনতাকে উস্কানিমূলক ভাষণ দেন। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়তে দেখা যায়। কালিয়াচক থানায় তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই তিনটি মামলা রুজু হয়েছে।
এডিজি (উত্তরবঙ্গ) জানিয়েছেন, এনআইএ তদন্তভার নিলেও রাজ্য পুলিশ সমান্তরালভাবে খতিয়ে দেখবে ঘটনাটি সুপরিকল্পিত ছিল কি না। এই ঘটনায় এখনও পর্যন্ত আইএসএফ প্রার্থীসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, সুপ্রিম কোর্ট এই ঘটনাকে ‘বিচারের কাজে বাধা দেওয়ার নির্লজ্জ ও সুপরিকল্পিত প্রচেষ্টা’ বলে অভিহিত করেছে। আদালত রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের ডিজিপি-কে শোকজ নোটিশ পাঠিয়েছে। পাশাপাশি, বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে।

