Artemis II: ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ! ঐতিহাসিক অভিযানে ৪ নভোচারী, রওনা দিলেন ডিপ-স্পেসে। বৃহস্পতিবার ভোরে উড়ে গেল নাসা-র রকেট।
দীর্ঘ প্রতীক্ষার পর NASA-র Artemis II মিশন অবশেষে যাত্রা শুরু করেছে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের 39B লঞ্চ প্যাড থেকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে (ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর ৩টা ৫৪ মিনিটে) উৎক্ষেপণ হয় মহাকাশযানটি।
এই ঐতিহাসিক অভিযানে রয়েছেন চারজন নভোচারী, কমান্ডার রেইড উইশম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন বিশেষজ্ঞ ক্রিশ্চিনা কোচ এবং কানাডার স্পেস এজেন্সি থেকে জেরেমি হানসেন। তাঁরা স্পেস লঞ্চ সিস্টেম রকেটে চড়ে অরিওন স্পেসক্র্যাফ্টে ১০ দিনের জন্য ডিপ-স্পেস সফরে বেরিয়েছেন।
NASA জানিয়েছে, Artemis II চাঁদের মাটিতে নামবে না বা কক্ষপথে প্রবেশ করবে না। এটি লো-আর্থ অরবিট থেকে চাঁদের তথ্য সংগ্রহ করবে এবং প্রায় ৯,২০০ কিমি দূরত্বে ডিপ-স্পেসে পৌঁছে ফের পৃথিবীতে ফিরে আসবে। এই সফরকে মানব মহাকাশ অভিযানের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

