ভোটের আগে জলপাইগুড়িতে ট্রেন থেকে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার! বুধবার রাতে জলপাইগুড়ি রোড স্টেশনে নাকা তল্লাশি চালিয়ে আরপিএফ গ্রেপ্তার করল ১৪ জন বাংলাদেশি নাগরিককে। এদের মধ্যে চারজন শিশু রয়েছে।
রেল পুলিশ সূত্রে জানা গেল, কামাক্ষ্যা থেকে দিল্লিগামী নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে নকল আধার কার্ড, প্যান কার্ড, ভারতীয় সিম, একাধিক মোবাইল ফোন এবং মালয়েশিয়ার মুদ্রা উদ্ধার হয়েছে।
চলতি মাসেই রাজ্যে দু’দফায় ভোট। তার আগে কী উদ্দেশে এবং কার পরামর্শে বাংলাদেশিরা ভারতে প্রবেশের চেষ্টা করছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রেল পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরা করে জানা গেছে, জাল নথি ব্যবহার করে অসম সীমান্ত দিয়ে ঢুকে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। তদন্ত শুরু করেছে আরপিএফ।

