জলপাইগুড়ি: অবশেষে আইনি জট কাটল! রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন এখন নিশ্চিতভাবেই ২৬-এর ভোটে লড়তে পারবেন। রেলের চাকরিতে থেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের মামলা হয়েছিল। রেল তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল, কিন্তু তিনি সেই নিয়ে সরাসরি হাইকোর্টের সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। আদালত তাঁকে রেলের কাছে ক্ষমা চেয়ে চিঠি দিতে বলেছিল।
তবে রেলের তরফে স্বপ্নার সেই চিঠি মারফত আবেদন গ্রহণ করা হচ্ছিল না বলে খবর। বয়ানে অসঙ্গতি ছিল বলেই দাবি। বিষয়টি নিয়ে গড়িমসি করার পর আদালত রেলকেও নির্দেশ দেয় অনতিবিলম্বে স্বপ্নাকে নিয়ে সিদ্ধান্ত নিতে। সোমবার আদালতে আনুষ্ঠানিক ভাবে রেলকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছিল।
আদালতে মামলার টানাপোড়েনের পর স্বপ্না রেলকে লিখিতভাবে জানান, অনিচ্ছাকৃতভাবে তিনি নিয়ম ভেঙেছেন এবং স্বেচ্ছায় রেলের চাকরি ছাড়তে চান। ভবিষ্যতে রেলের কোনও সুবিধাও দাবি করবেন না বলে স্পষ্ট করেন। স্বপ্নার এই আবেদনের ভিত্তিতেই তড়িঘড়ি রাতে তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় রেল। ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার জানিয়েছেন, নিয়ম মেনে সঠিক বয়ান জমা পড়তেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর প্রতিদ্বন্দ্বিতা এখন আর কোনও বাধায় আটকে নেই।
এদিকে, রবিবার থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারে নেমে পড়েছেন। রাজগঞ্জের পানিকাউরি, মান্তাদাড়ি, বিন্নাগুড়িসহ বিভিন্ন অঞ্চলের পার্টি অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বিদায়ী বিধায়ক খগেশ্বর রায় স্বপ্নার সঙ্গে ছিলেন। তবে মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আপাতত মন্তব্য করতে চাননি কেউ। এরমধ্যেই বুধবার রাজগঞ্জে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শিবিরে স্বপ্না বর্মনকে আত্মবিশ্বাস বাড়ল।

