Jalpaiguri: বাড়ির পেছনে মহিলার মুন্ডুহীন দেহ উদ্ধার, ভোটের আবহে সীমান্তঘেঁষা গ্রামে আতঙ্ক

বাড়ির পেছনে এক বৃদ্ধার মুন্ডুহীন দেহ উদ্ধার। শনিবার সকাল হতেই স্থানীয়রা জানতে পারেন এমন নারকীয় কাণ্ড। ভোটের আবহে সীমান্ত ঘেঁষা জলপাইগুড়ির বাহাদুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য! 

জানা গেল, মহিলার নাম সামিজা খাতুন (৭৩)। স্বামী আকবর আলী প্রয়াত হয়েছেন আগেই। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাওয়া-দাওয়া সেরে নাতনির সঙ্গে একই ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তিন ছেলে ও এক জামাই। দুই ছেলে পাশেই আলাদা বাড়িতে থাকেন, আর এক ছেলে, জামাই ও শাশুড়ি একই বাড়িতে বসবাস করতেন।

শনিবার সকালে প্রতিদিনের মতো মাকে চা খাওয়ানোর জন্য ঘরে যান ছেলে। কিন্তু ঘরে মাকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণ পর বাড়ির পিছনে পড়ে থাকতে দেখা যায় সমিজা খাতুনের দেহ। তবে মাথা নেই। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সকালেই স্থানীয়রা জানতে পারেন ওই মহিলার মুন্ডুহীন দেহ উদ্ধার হয়েছে বাড়ির পেছনে। ঘটনার পরই সেখানে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে তাঁরা খবর পান, বাড়ির পেছনে এক বৃদ্ধার মুন্ডুহীন দেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। মাথা এখনও নিখোঁজ, সেটি খুঁজে বের করতে তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সামিজা খাতুনকে শেষবার দেখা গিয়েছিল শুক্রবার রাত ১১টার দিকে, যখন তিনি ঘুমোতে যান।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক টিম (FSL) এবং ডগ স্কোয়াডও ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত এগোলে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

About The Author