ইফতার পার্টিতে গিয়েছিলেন কেন? সাত জওয়ানকে সরিয়ে দিল কমিশন

ভোটের ডিউটি করতে এসে ইফতার পার্টিতে যোগ! ভোটের আগে বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখতে ৭ জওয়ানকে সরাল কমিশন। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

অভিযোগ উঠেছিল, মুর্শিদাবাদে সাতজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান স্থানীয় ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন। কমিশনের নির্দেশ ছিল— কোনও বাহিনীর সদস্য যেন কারও বাড়ির নিমন্ত্রণ গ্রহণ না করেন। সেই নির্দেশ অমান্য করায় অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমিশন জানিয়েছে, সাতজন জওয়ানকে ভিন রাজ্যে সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজনকে সাত দিনের জন্য প্যারা মিলিটারি হেফাজতে রাখা হয়েছে, দু’জনকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকিদেরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশন স্পষ্ট করেছে, ভোটের আগে বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখতে কোনওরকম সামাজিক বা রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না।

অন্যদিকে, বাঁকুড়ায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিজের কাজে ব্যবহার করেছেন। সেই ছবি ভাইরাল হওয়ার পর তৃণমূল দাবি করেছে, বাহিনীকে গেরুয়া প্রতীক তুলে দেওয়া হয়েছে। বিজেপি পাল্টা বলেছে, সৈনিকরা পদ্মফুল তুললে তাতে দোষ কোথায়।

ভোটের আগে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। আরও ৩০০ কোম্পানি আসছে ৩১ মার্চের মধ্যে। ধাপে ধাপে প্রায় আড়াই হাজার কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে কমিশনের।

About The Author