নিজের হাতে গালে ফোম লাগিয়ে দাড়ি কেটে দিলেন বিজেপি প্রার্থী। নারায়ণগড় বিধানসভায় ভোট প্রচারে অভিনব ছবি।
প্রচারে বেরিয়ে অভিনব জনসংযোগে নজর কাড়লেন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। সোমবার তিনি স্থানীয় একটি সেলুনে ঢুকে পড়েন। সেখানে তখন এক সাধারণ মানুষ দাড়ি কামাতে এসেছিলেন। প্রার্থী নিজেই গালে ফোম লাগিয়ে তাঁর দাড়ি কেটে দেন।
এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে অনেকেই চমকে উঠেছেন, আবার কেউ কেউ এটিকে জনসংযোগের অভিনব কৌশল হিসেবে দেখছেন।
এদিকে, প্রচারে বেরিয়ে মাঠে নেমে আলু তুলে দিলেন বিজেপি প্রার্থী। মালদার মহিষবাথানি এলাকায় প্রচারে বেরিয়ে মাঠে নেমে আলু তুললেন বিজেপি প্রার্থী গোপাল সাহা। বৃষ্টিতে প্রায় বারো হাজার হেক্টর জমি জলে তলিয়ে যাওয়ায় কৃষকরা মাথায় হাত দিয়ে বসেছেন। আলুর দাম না পেয়ে তারা বাধ্য হয়ে জলে ডুবে থাকা আলু তুলছেন।
এই পরিস্থিতিতে প্রার্থী নিজে কাদা জলে নেমে কৃষকদের কাজে হাত লাগান এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান। তাঁর অভিযোগ, বর্তমান সরকার কৃষক বিরোধী।
তৃণমূল অবশ্য পাল্টা আক্রমণ করেছে। তাদের দাবি, সারাবছর দেখা যায় না, ভোটের আগে ছবি তোলার জন্যই মাঠে নেমেছেন বিজেপি প্রার্থী। ফলে ঘটনাটি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
ভোট প্রচারে বেরিয়ে উনুনে রান্না করে দিলেন তৃণমূল প্রার্থী। আরামবাগে ভোট প্রচারে অভিনব জনসংযোগে নজর কাড়লেন তৃণমূল প্রার্থী মিতা বাগ। প্রচারে বেরিয়ে তিনি শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়ান এবং হসপিটাল মোড়ের একটি চপের দোকানে গিয়ে নিজেই কড়াইতে চপ ভেজে দেন। বাজারে উপস্থিত মানুষজন এই দৃশ্য দেখতে ভিড় করেন, কর্মী–সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে স্লোগান দেন।
এদিকে পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারিও প্রচারে গিয়ে গৃহস্থের হেঁশেলে রুটি বেলতে হাত লাগান। গ্যাসের অভাবে কাঠের চুলায় রুটি বানাচ্ছিলেন এক গৃহবধূ, সেই দৃশ্য দেখে প্রার্থী নিজেই বেলন হাতে রুটি বানাতে শুরু করেন। তাঁর এই ব্যবহার স্থানীয়দের মন ছুঁয়ে যায়।
প্রচারের ধরন বদলেছে— এখন শুধু সভামঞ্চ নয়, প্রার্থীরা সরাসরি মানুষের জীবনের সঙ্গে মিশে গিয়ে জনসংযোগ করছেন। চপ ভাজা কিংবা রুটি বেলা— এই অভিনব প্রচারই এখন ভোটের মাঠে ‘হট ট্রেন্ড’।

