যুদ্ধের আবহেই ১১০ জন সেনাকে নিয়ে ভেঙে পড়ল সামরিক বিমান

টেকঅফের পরই ভেঙে পড়ল কলম্বিয়ার সেনা বিমান। বিমানটিতে ১১০ জন সেনা জওয়ান ছিলেন। কলম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিউরে উঠেছে বিশ্ব।

পুয়ের্তো লেগুইজামোতে সেনাবাহিনির একটি হারকিউলিস সি-১৩০ সামরিক পরিবহন বিমান ভেঙে পড়ে। বিমানটিতে প্রায় ১১০ জন সেনা ছিলেন বলে জানা গেছে। টেক-অফের কয়েক মিনিটের মধ্যেই দক্ষিণ আমাজন অঞ্চলের গভীরে এই দুর্ঘটনা ঘটে।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, নিহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি, তবে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, অন্তত ৯০ জন সেনা প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তেজনা চরমে। কলম্বিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা করেছিলেন, তার পরদিনই এই দুর্ঘটনা ঘটায় ষড়যন্ত্রের আশঙ্কাও উত্থাপিত হয়েছে।

About The Author