নয়াদিল্লি: ‘পেট্রল-ডিজেল এবং গ্যাসের জন্য কোনও পরিবারকে ভুগতে না হয়, সেদিকে খেয়াল রাখছে আমাদের সরকার’, সংসদে জানালেন প্রধানমন্ত্রী মোদী
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে সোমবার সংসদে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শুরুতেই স্বীকার করেন, হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়া এবং জাহাজে হামলার মতো ঘটনা উদ্বেগজনক। তবে দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, “পেট্রল, ডিজেল, গ্যাসের জোগান সুনিশ্চিত রাখতে সব ধরনের চেষ্টা করছে কেন্দ্র।”
মোদী জানান, এলপিজি উৎপাদন বাড়ানো হচ্ছে এবং দেশে পর্যাপ্ত কয়লা ও সার মজুত রয়েছে। কৃষকদের উদ্দেশে তিনি বলেন, আমদানি কমলেও তাঁদের অসুবিধা হবে না, সরকার আগের দামেই সার পৌঁছে দিচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, গত ১১ বছরে ভারত তেল আমদানির উৎস বৈচিত্র্য করেছে, আগে ২৭টি দেশ থেকে আমদানি করা হলেও এখন ৪১টি দেশ থেকে জ্বালানি আসছে। বর্তমানে দেশে ৫৩ লক্ষ মেট্রিক টন জ্বালানি মজুত রয়েছে বলেও জানান তিনি।
যুদ্ধ দীর্ঘমেয়াদি হতে পারে বলে সতর্ক করে মোদি বিরোধীদের সহযোগিতা চান। তাঁর বক্তব্য, “সঙ্কটের মুখে সংসদ একজোট হোক, এটাই কাম্য।” একই সঙ্গে তিনি আবারও শান্তি ও কূটনীতির পথে সমস্যার সমাধানের আহ্বান জানান।

