ভোট চাইতে গিয়ে ভোটারের দাড়ি কেটে দিলেন BJP প্রার্থী

দুবরাজপুর: ভোট বড় বালাই! ‘আরে আমি কামিয়ে দিচ্ছি’ বলেই ভোটারের দাড়ি কাটতে বসে গেলেন বিজেপি প্রার্থী!

প্রচারে গিয়ে অভিনব কাণ্ড ঘটালেন বিজেপি প্রার্থী অনুপকুমার সাহা। বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কুলেকুড়ি গ্রামে জনসংযোগ করতে করতে তাঁর নজরে পড়ে এক প্রৌঢ়, যিনি হাতে সাবান ও সেফটি রেজার নিয়ে দাড়ি কামাতে বসেছিলেন। কোট-পাঞ্জাবি-পাজামা পরিহিত প্রার্থী সোজা গিয়ে তাঁর পাশে বসে পড়েন। গলার উত্তরীয় ঘুরিয়ে নিয়ে রেজার হাতে তুলে নেন এবং রাস্তায় বসেই প্রৌঢ়ের দাড়ি কেটে দেন। সঙ্গে সঙ্গে তাঁর কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। ভোটার প্রথমে লজ্জায় লাল হলেও সদ্য কামানো গালে হাত বোলাতে বোলাতে হাসি চাপতে পারেননি।

অনুপকুমার সাহার মন্তব্য, “মানুষের হাতে অত সময় কই! সকলে ব্যস্ত। তাঁদের কাজের মধ্যেই নিজেদের প্রচার করে নিতে হবে।” এই ঘটনাকে অনেকেই তুলনা করছেন গত বিধানসভা নির্বাচনের সময় খড়্গপুর সদরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রচারের সঙ্গে, যখন তিনি এক ভোটারের গায়ে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলেন। এবার দাড়ি কামানোর ঘটনাও জনসংযোগের অভিনব কৌশল হিসেবে আলোচনায় এসেছে।

  • প্রচারে গিয়ে অভিনব কাণ্ড ঘটালেন বিজেপি প্রার্থী অনুপকুমার সাহা। জনসংযোগ করতে গিয়ে ভোটারের দাড়ি কামাতে বসে গেলেন।

About The Author