‘আমি তোমাদেরই লোক’, প্রচারে বেরিয়ে তাই গৃহস্থের হেঁসেলে রুটি বেললেন পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি।
বাংলায় ভোটের প্রচার জোরকদমে চলছে। জনসংযোগ বাড়াতে এবার অভিনব ভঙ্গিতে প্রচারে নেমে পড়লেন হুগলির পুরশুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। শনিবার পালপাড়া এলাকায় প্রচারে গিয়ে তিনি এক গৃহস্থের বাড়িতে ঢুকে পড়েন।
সেই সময় পরিবারের বধূ কাঠের চুল্লিতে রুটি সেঁকছিলেন। গ্যাসের সংকটের কারণে তাঁদের এই ব্যবস্থা দেখে প্রার্থী নিজেই হাত লাগান। বেলন হাতে রুটি বেলতে শুরু করেন তিনি। উপস্থিতরা হতচকিত হলেও পরিবারের সদস্যরা মুগ্ধ হয়ে যান।
পার্থ হাজারি বলেন, “আগেও আমি রুটি বানিয়েছি। কিছুটা অভিজ্ঞতা আছে। এখন গ্যাস নেই বলে অনেকেই সমস্যায় পড়ছেন। তাই প্রচারে বেরিয়ে একটু হাত লাগালাম। যদি মানুষের কিছু উপকারে আসতে পারি।” তাঁর এই আচরণে এলাকায় শোরগোল পড়ে যায়।

