বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ইদ-উল-ফিতর পালন করতে চলেছেন তারেক রহমান। এবছর প্রায় ১৭ বছর পর তিনি দেশে ইদ উদযাপন করবেন। এই আবহে ইদ মোবারক জানিয়ে চিঠি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, চিঠিতে মোদি লিখেছেন, “মহামান্য, ইদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ইদ-উল-ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।” তিনি আরও উল্লেখ করেছেন, রমজান মাসে বিশ্বজুড়ে মুসলমানরা রোজা ও প্রার্থনায় সময় কাটিয়েছেন, আর ইদের উৎসব সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একতার মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়। চিঠিতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশা প্রকাশ করেছেন মোদি। প্রধানমন্ত্রী মোদির শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত তারেক রহমানও পাল্টা ধন্যবাদ জানিয়েছেন।

