রাজগঞ্জ: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর রাজগঞ্জের চারবারের বিধায়ক খগেশ্বর রায় ক্ষোভে পদত্যাগের ঘোষণা করেছিলেন। তিনি দলকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলেন এবং জানিয়েছিলেন, প্রার্থী না হলে বড় সিদ্ধান্ত নেবেন।
কিন্তু বৃহস্পতিবার সকালেই পরিস্থিতি বদলাল। জানা গেছে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তাঁর সঙ্গে কথা বলেছেন। দায়িত্ব ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এরপরেই রাগ ঘুচে যায় খগেশ্বর রায়ের।
সাংবাদিক বৈঠকে তাঁর পাশে ছিলেন জেলা সভাপতি মহুয়া গোপ এবং ময়নাগুড়ির প্রার্থী যুবনেতা রামমোহন রায়। সাংবাদিকদের বিধায়ক জানান, আবেগে বলে ফেলেছিলাম, তবে দিদির সঙ্গে কথা হয়েছে। গৌতম দেবের ডাকে তাঁর বাড়ি গিয়েছিলেন। সবদিক আলোচনা করেই তিনি পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করলেন। এও বলেন, মুখেই বলেছিলেন, আসলে লিখিত ভাবে তিনি পদত্যাগ করেননি। উল্লেখযোগ্য, আগের দিন জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন অনুগামীরা। দলীয় সূত্রে খবর, খগেশ্বর রায়কে শিলিগুড়ি–জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের দায়িত্ব দেওয়া হতে পারে। সব মিলিয়ে ‘দিদির ফোনে’ই রাজগঞ্জে অস্থিরতা প্রশমিত হয়েছে।

