কলকাতা: নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মোট ১৪৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এবার লড়বেন নন্দীগ্রাম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর, দুটি আসন থেকেই।
অন্যদিকে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ফের পুরনো আসনেই লড়বেন। তাঁকে প্রার্থী করা হয়েছে খড়গপুর সদর কেন্দ্র থেকে। ফলে বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবার টিকিট পাননি। প্রার্থী তালিকায় আরও রয়েছেন আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পল, শিলিগুড়িতে শংকর ঘোষ, শিবপুরে রুদ্রনীল ঘোষ, বরানগরে সজল ঘোষ। উত্তরবঙ্গের বেশিরভাগ আসনে আগের প্রার্থীদেরই রাখা হয়েছে। দলীয় নেতৃত্ব জানিয়েছে, কয়েকটি আসনে জয়ী বিধায়কদের উপরেই ভরসা রাখা হয়েছে। বিজেপি শীর্ষ নেতৃত্বের দাবি, এই তালিকা প্রকাশের মাধ্যমে বাংলায় পরিবর্তনের লড়াই আরও জোরদার হবে।

