বিজেপি কর্মী-সমর্থক বোঝাই ট্রেনে ‘পাথরবৃষ্টি’, শিলিগুড়িতে উত্তেজনা

শিলিগুড়ি: কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষে ফেরার পথে শিলিগুড়িতে বিজেপি কর্মী–সমর্থক বোঝাই ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ উঠল। শিলিগুড়ি পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের কয়লাডিপো এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

অভিযোগ, ট্রেনের জানালায় হঠাৎই পাথরবৃষ্টি শুরু হয়। কয়েকটি কাচ ভেঙে যায়, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজেপি দাবি করেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে যাতে কর্মীরা নিরাপদে ফিরতে না পারেন। অন্যদিকে তৃণমূলের পাল্টা বক্তব্য, বিজেপি রাজনৈতিক সুবিধা নিতে নাটক সাজাচ্ছে।

এলাকাবাসীদের অভিযোগ, ট্রেন থেকে বিজেপি কর্মীরা তাঁদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি ও উস্কানিমূলক আচরণ করেন। এর পরেই পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। অভিযোগ, দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাথর ছোড়াছুড়ি শুরু হয়। ট্রেনের জানলার কাচ ভেঙে যায়, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় ফেরার পথে বিজেপি কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। ভিডিও পোস্ট করেন দীপক বর্মণ।

About The Author