মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

কলকাতা: ব্রিগেড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা। ফ্লেক্স ছেঁড়া থেকে ইট ছোড়া, ভাঙচুরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সভার আগে থেকেই কলকাতায় রাজনৈতিক অশান্তি শুরু হয়।

শনিবার দুপুরে উত্তর কলকাতার গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে হঠাৎই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপি কর্মী–সমর্থকেরা সেখানে থাকা ‘বয়কট বিজেপি’ ফ্লেক্স ছিঁড়ে ফেলে ইট ছুড়ে হামলা চালায়। জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায়, এমনকি মন্ত্রী নিজেও সামান্য আহত হন।

শশী পাঁজা অভিযোগ করেন, “বহিরাগতদের নিয়ে সভা করছে বিজেপি। আর সেই বহিরাগতরাই আমার বাড়ির সামনে ভাঙচুর করেছে, ইট ছুড়েছে। আমার গায়ে লেগেছে। আমাকে খুনের ষড়যন্ত্র করছে ওরা।” তিনি আরও বলেন, “বাংলার মানুষ বিজেপিকে সত্যিই বয়কট করেছে। তাই মরিয়া হয়ে এমন হামলা চালাচ্ছে।”

অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, মন্ত্রীর বাড়ির সামনে পোস্টার ছিঁড়ে ফেলার পর তৃণমূলই তাঁদের বাস থামিয়ে হামলা চালায়। এর জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনায় উত্তর কলকাতার জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ রক্তাক্ত হন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন বউবাজার থানার ওসি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মোদীর সভার আগেই এই ঘটনা মধ্য কলকাতার রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে।

About The Author