‘ব্রিটিশ পোশাকে কেন?’ রাজ্যপালের শপথ অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে হইচই

কলকাতা: বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি–র শপথ অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল শপথ গ্রহণ করান। সেই অনুষ্ঠানে তাঁকে ব্রিটিশ আমলের পোশাকে দেখা যায়। আর এই ছবিই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নেটিজেনদের প্রশ্ন, স্বাধীনতার প্রায় ৮০ বছর পরেও কেন বিচার ব্যবস্থায় এখনও ঔপনিবেশিক আমলের পোশাক ব্যবহার করতে হচ্ছে? অনেকেই মনে করছেন, ভারতীয় বিচারব্যবস্থায় পোশাকের সংস্কার হওয়া উচিত। অন্যদিকে কেউ কেউ বলছেন, এটি কেবল ঐতিহ্য ও প্রথার অংশ, যা বিচারব্যবস্থার মর্যাদা ও গাম্ভীর্য প্রকাশ করে।

আসলে, কলকাতা হাইকোর্টে বিচারপতিরা সাধারণত কালো গাউন ও সাদা ব্যান্ড পরে আদালতে বসেন। তবে শপথ বা বিশেষ অনুষ্ঠানে তাঁরা ব্রিটিশ আমলের ঐতিহ্য অনুযায়ী লাল গাউন ও উইগ পরেন। এই প্রথার শিকড় ঔপনিবেশিক যুগে, যখন ভারতের আদালতগুলো ইংল্যান্ডের আদালতের ধারা অনুসরণ করত।

কলকাতা হাইকোর্ট ভারতের সবচেয়ে পুরনো হাইকোর্ট, প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৬২ সালে। সেই সময় থেকেই আদালতের পোশাক ও আচার-অনুষ্ঠান ব্রিটিশ আদালতের মতোই ছিল। স্বাধীনতার পরেও অনেক প্রথা বজায় রাখা হয়েছে। আইনজীবীদের কালো কোট ও সাদা ব্যান্ডও সেই ঐতিহ্যের অংশ।

ব্রিটেনে এখনও বিশেষ অনুষ্ঠানে বিচারপতিরা লাল গাউন ও উইগ পরেন। ভারতেও এই পোশাককে মর্যাদা ও গাম্ভীর্যের প্রতীক হিসেবে দেখা হয়। তবে সমালোচকরা মনে করেন, স্বাধীনতার ৮০ বছর পরেও ঔপনিবেশিক পোশাক ব্যবহার করা অচল ও অপ্রাসঙ্গিক। প্রাক্তন বিচারপতি ভি.আর. কৃষ্ণ আইয়ারও একসময় মন্তব্য করেছিলেন, ভারতীয় আদালত এখনও ব্রিটিশ পোশাক ধার করে চলছে।

About The Author