‘সংবিধান বাঁচান!’ হাতে গীতা উপহার দিয়ে রাজ্যপালকে অনুরোধ শুভেন্দুর

কলকাতা: নতুন রাজ্যপাল আরএন রবি–র সঙ্গে লোকভবনে দেখা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোলাপ দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি তিনি রাজ্যপালের হাতে গীতা তুলে দেন। প্রায় ৩০ মিনিটের বৈঠকের পর বাইরে এসে শুভেন্দু বলেন, “আমি হাতজোড় করে রাজ্যপালকে বলেছি, সংবিধান বাঁচান।”

তিনি অভিযোগ করেন, গত পাঁচ বছরে বিরোধী দলনেতা হিসেবে সাড়ে এগারো মাস তাঁকে বিধানসভার বাইরে রাখা হয়েছে, পাঁচবার সাসপেন্ড করা হয়েছে। রাজ্যপালকে তিনি জানান, বাংলার বিচারব্যবস্থা আক্রান্ত হয়েছে, বিরোধী এমপি–এমএলএরা নিরাপদ নন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, “এ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান লক্ষ্য তোষণ। সীমান্তে বেড়া নেই, ফলে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা ঢুকে জনবিন্যাস বদলে দিয়েছে। বাংলাকে বাঁচান।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরকালে ঘটে যাওয়া বিতর্ক নিয়েও তিনি রাজ্যপালকে অবহিত করেন। সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন, “গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করতে প্রথম দিন রাজ্যপালকে যা জানানোর দরকার ছিল, তা করেছি। সবার চোখে মুখে ভয়, সেই ভয় কাটানো দরকার। আমার বিশ্বাস, উনি ব্যবস্থা নেবেন।”

About The Author