কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আরএন রবি শপথ নেওয়ার পর রাজ্যবাসীর উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার সুযোগ পাওয়া তাঁর কাছে এক মহান দায়িত্ব ও গৌরবের বিষয়।
বৃহস্পতিবার রাজ্যপালকে শপথ বাক্য পড়ান কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। লোকভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সৌজন্য বিনিময় করতে দেখা যায় তাঁকে। অনুষ্ঠান শেষে বঙ্গবাসীর উদ্দেশে বার্তা দিয়ে তিনি লিখেছেন, “আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাকে জ্ঞান ও শক্তি দেন, যাতে আমি এই মহান বাংলার মানুষের সেবা সর্বান্তকরণে ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।”
বাংলার আধ্যাত্মিক, বৌদ্ধিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ভূমি সহস্রাব্দ ধরে ভারতের জাগরণের উজ্জ্বল কেন্দ্র। বার্তায় তিনি স্মরণ করেছেন বেদের জ্ঞান, গৌতম বুদ্ধের শিক্ষা, ভক্তি আন্দোলনের ধারা এবং স্বাধীনতা সংগ্রামের প্রেরণা হিসেবে বাংলার অবদান। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন শ্রীচৈতন্য মহাপ্রভু, শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির নাম।

