মধ্যপ্রাচ্যে চলমান মার্কিন–ইসরায়েল বনাম ইরান সংঘাতের আবহে এক বিরল ঘটনা ঘটল। সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে অপরিশোধিত তেল নিয়ে আসা লিবারিয়ান পতাকাবাহী ট্যাঙ্কার ‘শেনলং’ নিরাপদে হরমুজ প্রণালী পেরিয়ে বৃহস্পতিবার মুম্বই বন্দরে ভিড়ল। জাহাজটির ক্যাপ্টেন একজন ভারতীয়।
সংঘাত–কবলিত হরমুজ প্রণালীতে ইরানের লাগাতার হামলার মধ্যেই এই জাহাজটি দুই দিন আগে প্রবেশ করে। সূত্রের দাবি, জাহাজটি কিছু সময়ের জন্য ‘ডার্ক মোডে’ চলে যায়, অর্থাৎ ট্র্যাকিং সিগন্যাল বন্ধ করে দেওয়া হয়, যাতে নজর এড়িয়ে নিরাপদে পার হতে পারে।
এদিকে ইরানের হামলা ও মার্কিন–ইসরায়েলি পাল্টা আঘাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃহস্পতিবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে। জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। ভারতীয় কূটনৈতিক মহল বলছে, এই জাহাজের নিরাপদ আগমন ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য তাৎপর্যপূর্ণ হলেও পরিস্থিতি এখনও অস্থির।

