ব্রিগেডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতাকে আমন্ত্রণ

শনিবার কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ীর চিঠি। সরকারি শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক–সহ একাধিক হাইওয়ে প্রকল্পের কাজ চলছে এবং প্রধানমন্ত্রী সেই প্রকল্পগুলির সূচনা করবেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই আমন্ত্রণকে ‘রাজনৈতিক নাটক’ বলে কটাক্ষ করেছেন।

তাঁর বক্তব্য, বিজেপির সভায় লোক টানতে না পারায় এ ধরনের আমন্ত্রণ দিয়ে প্রচারের চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটাই স্বাভাবিক যে কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী থাকলে মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকবেন।

১৪ মার্চ ব্রিগেডে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মার্চ মাসেই ব্রিগেডে সভা করেছিলেন তিনি। এবারের সভা ঘিরে বিজেপি ইতিমধ্যেই লালবাজারে পুলিশের সঙ্গে বৈঠক করেছে। বিহারে এনডিএ-র জয়ের পর থেকেই বিজেপি পশ্চিমবঙ্গে মিশন শুরু করেছে বলে রাজনৈতিক মহলের মত।

About The Author