কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে আজ দায়িত্ব নিতে চলেছেন আরএন রবি। চেন্নাই থেকে দিল্লি হয়ে বুধবার রাতে তিনি কলকাতায় আসেন। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজভবনে শপথ নেবেন তিনি।
এর আগে তামিলনাড়ুতে রাজ্য সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছিলেন আর এন রবি। এবার বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নিতে চলেছেন তিনি। ফলে তৃণমূল সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে।
প্রাক্তন আইপিএস অফিসার রবীন্দ্র নারায়ণ রবি ১৯৭৬ সালে কেরল ক্যাডারে যোগ দেন। দীর্ঘদিন সিবিআই এবং কেন্দ্রীয় গোয়েন্দা দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। অবসর নেওয়ার পর ২০১৪ সালে জয়েন্ট ইনটেলিজেন্স কমিটির চেয়ারম্যান হন। ২০১৮ সালে তাঁকে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে নিয়োগ করে কেন্দ্র। এরপর ২০১৯ সালে নাগাল্যান্ডের রাজ্যপাল এবং ২০২১ সালে তামিলনাড়ুর রাজ্যপাল হন তিনি।

