রাশিয়ার তেল কিনতে আমেরিকার অনুমতি চাইল বাংলাদেশ

ঢাকা: জ্বালানি সংকট ঠেকাতে মরিয়া বাংলাদেশ। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ সরকার।

জানা গেল, রাজধানীর শেরে বাংলা নগরে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন–এর সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

দেশটির অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সাগরে আটকে থাকা রাশিয়ার জাহাজ থেকে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভারতকে সাময়িক অনুমতি দিয়েছে। তাই বাংলাদেশও একই সুবিধা পাওয়ার যোগ্য। তাঁর মতে, রাশিয়ার তেল আমদানির সুযোগ পেলে দেশের অর্থনীতির জন্য তা বড় সহায়ক হবে।

এই অনুরোধের জবাবে মার্কিন রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন, বিষয়টি ওয়াশিংটনকে তিনি জানাবেন। বৈঠকে বিশ্ব জ্বালানি বাজারের অস্থিরতা, তেল–গ্যাস সরবরাহ ঝুঁকি, এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকা রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে কম বেশি সব দেশকেই ছাড় দেওয়া হচ্ছে।

About The Author