হরমুজ প্রণালীতে গুজরাতগামী থাই জাহাজে হামলার অভিযোগ। দুই ভারতীয়ের মৃত্যুর খবর জানাল বিদেশ মন্ত্রক। ২০ জন নাবিক উদ্ধার হলেও তিনজন এখনও আটকে। ঘটনার দায় স্বীকার করেছে ইরান।
হরমুজ প্রণালীতে ইরানের হামলায় আক্রান্ত হয়েছে থাই–পতাকাবাহী কার্গো জাহাজ ‘মায়ুরি নারি’। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের খলিফা বন্দর থেকে রওনা দিয়ে ভারতের কাণ্ডলা বন্দরের পথে ছিল। হামলার পর জাহাজ থেকে কালো ধোঁয়া ও আগুনের ছবি প্রকাশ করেছে রয়্যাল থাই নেভি।
ওমান নৌবাহিনী ইতিমধ্যেই ২০ জন নাবিককে উদ্ধার করেছে, তবে এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। জাহাজটির দৈর্ঘ্য ১৭৮ মিটার এবং ওজন প্রায় ৩০ হাজার টন।
ইরান এই হামলার দায় স্বীকার করেছে। মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েল সংঘাতের আবহে হরমুজ প্রণালীতে বারবার জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছিল, উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ। এই হামলা আন্তর্জাতিক বাজারে আরও অস্থিরতা তৈরি করতে পারে।

