শ্মশানে নেওয়ার পথে খারাপ রাস্তার ঝাঁকুনিতে মৃতদেহে ফিরল প্রাণ

পিলিভীত: ‘ব্রেইন ডেড’ ঘোষিত এক মহিলাকে শেষ কাজের জন্য বাড়ি আনা হচ্ছিল, খানা খন্দে ভর্তি রাস্তায় অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে জেগে উঠলেন তিনি। চিকিৎসার পর এখন সম্পূর্ণ সুস্থ ওই মহিলা। উত্তরপ্রদেশের পিলিভীত জেলায় ঘটল এক অবিশ্বাস্য ঘটনা।

চিকিৎসকেরা যাঁকে প্রায় ‘ব্রেইন ডেড’ ঘোষণা করেছিলেন এবং যার পরিবারের সদস্যরা শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিলেন, সেই মহিলা হঠাৎই জীবিত হয়ে উঠলেন। এই ঘটনায় হতবাক সকলে।

২২ ফেব্রুয়ারি গোকুলপুরম কলোনির বাসিন্দা বিনিতা শুক্লা হঠাৎই বাড়িতে অচেতন হয়ে পড়েন। প্রথমে তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে বেয়ারিলির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে দুই দিন ধরে তিনি ভেন্টিলেটরে ছিলেন। চিকিৎসকেরা জানান, তাঁর হাত–পা নিস্তেজ হয়ে গেছে, চোখের পুতলি প্রসারিত, এবং ভেন্টিলেটর খুলে দিলে মৃত্যু হতে পারে।

২৪ ফেব্রুয়ারি পরিবার তাঁকে বাড়ি নিয়ে যাচ্ছিল, যেখানে শেষকৃত্যের প্রস্তুতি চলছিল। কিন্তু পথে অ্যাম্বুলেন্স একটি বড় গর্তে ধাক্কা খেলে হঠাৎই বিনিতার শ্বাসপ্রশ্বাস ফিরে আসে। বিস্মিত পরিবার তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় রাকেশ নিউরো সিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে টানা ১৪ দিনের চিকিৎসার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসক রাকেশ সিং বলেন, “যাঁকে আমরা ব্রেইন ডেড ভেবেছিলাম, তাঁর হঠাৎই শ্বাস ফিরে আসে। এটা সত্যিই ঈশ্বরের আশীর্বাদ।”

About The Author