কলকাতা: রাজীবকে দেখে স্যালুট পুলিশের! ভিডিও দিয়ে কড়া আক্রমণ শুভেন্দুর, তৃণমূল বলল, দীর্ঘদিনের অভ্যেস …
তৃণমূলের প্রার্থী প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমারকে ঘিরে নতুন বিতর্ক। সোমবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে নির্বাচন কমিশনের বৈঠক শেষে বেরিয়ে আসার সময় দেখা যায়, কর্তব্যরত কয়েকজন পুলিশকর্মী তাঁকে স্যালুট করছেন। এমনকি কেউ কেউ এগিয়ে গিয়ে তাঁর গাড়ির দরজা খুলে দেওয়ার চেষ্টা করেন। এই দৃশ্যের ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া আক্রমণ শানিয়ে বলেন, “রাজীব কুমার এখন আর ডিজি নন, তবু ডিজির বাংলোয় বসে আছেন। আজ হোটেলের বাইরে পুলিশ যেভাবে ধপাধপ স্যালুট করছে, তাতে বোঝা যাচ্ছে পুলিশের কতটা অধঃপতন হয়েছে।” তিনি অভিযোগ করেন, পুলিশ পার্টিতন্ত্রের সঙ্গে নিজেদের মিশিয়ে ফেলেছে।
অন্যদিকে তৃণমূলের ব্যাখ্যা, এর পিছনে কোনও রাজনীতি নেই। দীর্ঘদিনের অভ্যাসবশত পুলিশ কর্মীরা রাজীব কুমারকে দেখে স্যালুট করেছেন। রাজীব কুমার সম্প্রতি তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন এবং সোমবার তিনি চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিমের সঙ্গে কমিশনের বৈঠকে অংশ নেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। মেখলিগঞ্জের সভা থেকেও সুর চড়ান শুভেন্দু অধিকারী।

