কলকাতা: প্রথমে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ১ এপ্রিল থেকে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা আবেদনকারীদের অ্যাকাউন্টে পৌঁছবে। তবে শনিবার ধর্মতলার অবস্থানমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আন্তর্জাতিক নারী দিবসের উপহার হিসেবে শনিবার থেকেই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে।
রবিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে জনসভায় একই বার্তা শোনা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, “রবিবার ব্যাঙ্ক বন্ধ। যাঁরা প্রকল্পে নাম তুলেছেন, সোমবার প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।”
অভিষেক আরও জানান, এক মাসের মধ্যে প্রকল্পের টাকা পৌঁছে যাচ্ছে। সোমবার ও মঙ্গলবারের মধ্যে প্রায় ৮৯ লক্ষ অ্যাকাউন্টে টাকা জমা হবে। উল্লেখযোগ্যভাবে, মথুরাপুরের সেই মাঠেই সভা করেন তিনি, যেখানে কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করেছিলেন। অভিষেক এদিন সেই সভার অভিযোগের পাল্টা পরিসংখ্যানও পেশ করেন।
রাজ্য বাজেটে গত ৫ ফেব্রুয়ারি ঘোষণা হয়েছিল ‘যুবসাথী’ প্রকল্প। এপ্রিল থেকে পরিষেবা চালু হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রীর নির্দেশে আগেই টাকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই বহু আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে।

