শিলিগুড়ি: সাঁওতাল সম্মেলনে যোগ দিতে এসে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ‘হয়তো আমার উপর রাগ করেছেন মমতা।’
শিলিগুড়ি মহকুমার গোসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করলেন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। তিনি অভিযোগ করেন, তাঁর অনুষ্ঠানের জন্য রাজ্য সরকার অনুমতি দেয়নি, বারবার সভাস্থল বদল করতে হয়েছে। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, “এত চেয়ার ফাঁকা কেন? আমি বুঝতে পারছি কেউ বাধা দিচ্ছে।” এরপরই তিনি বিস্ফোরক মন্তব্য করেন, “হয়তো আমার উপর রাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
উদ্যোক্তাদের দাবি, প্রথমে বিধাননগরে সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু চারবার সভাস্থল বদল করা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে সভার অনুমতি দেওয়া হয়। তাঁদের অভিযোগ, অনেক আমন্ত্রিত অতিথি সিকিউরিটি পাস না পাওয়ায় সভায় ঢুকতে পারেননি।
রাষ্ট্রপতি পরে বিধাননগরে গিয়ে এলাকা ঘুরে দেখেন এবং বলেন, “আমি তো এই এলাকাতেই সভা করতে চেয়েছিলাম। পর্যাপ্ত জায়গা ছিল। কিন্তু কেন রাজ্য সরকার আমাকে সভা করতে দিল না?” তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী আমার ছোট বোনের মতো। কিন্তু হয়তো কোনও কারণে উনি আমার উপর রুষ্ট হয়েছেন।”
এই সফরে মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনও মন্ত্রী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপতি বলেন, প্রোটোকল অনুযায়ী কোনও রাজ্যে রাষ্ট্রপতি এলে মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার কেউ তাঁকে স্বাগত জানানোর কথা। তবে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, তিনি রাজ্যের তরফে রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছেন এবং নিরাপত্তাজনিত কারণে সভাস্থল নিয়ে সমস্যা হয়েছিল।

