পাকিস্তানে ক্রমবর্ধমান জঙ্গি কার্যকলাপ, অপহরণ ও অপরাধমূলক ঘটনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ নির্দেশিকা জারি করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এই নির্দেশিকায় পাকিস্তানকে লেভেল ৩ – Reconsider Travel তালিকায় রাখা হয়েছে।
মনে করা হচ্ছে, সম্প্রতি, পাকিস্তানে মার্কিন উপদূতাবাসে হামলার পর জারি উত্তেজনার আবহে এই নির্দেশিকা দিয়েছে আমেরিকা।
মার্কিন দূতাবাস জানিয়েছে, পাকিস্তানে সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, অপরাধ এবং অপহরণের ঝুঁকি অত্যন্ত বেশি। বিশেষ করে বেলুচিস্তান প্রদেশ, খাইবার পাখতুনখোয়া (KP) প্রদেশ ও প্রাক্তন FATA অঞ্চল, এবং লাইন অফ কন্ট্রোলের আশপাশে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
৩ মার্চ, ২০২৬ তারিখে মার্কিন সরকার লাহোর ও করাচি কনস্যুলেটের অ-জরুরি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে। তবে ইসলামাবাদ দূতাবাসের কার্যক্রমে কোনও পরিবর্তন হয়নি।
নির্দেশিকায় বলা হয়েছে,
- পাকিস্তানে যখন তখন সন্ত্রাসী হামলা ঘটতে পারে।
- হামলার লক্ষ্যবস্তু হতে পারে পরিবহণ কেন্দ্র, হোটেল, বাজার, মল, বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, ধর্মীয় স্থান, পর্যটন কেন্দ্র ও সরকারি ভবন।
- বিক্ষোভে অংশগ্রহণ করলে আটক হওয়ার ঝুঁকি রয়েছে।
- ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ হয়ে যাওয়া সাধারণ ঘটনা।
- মার্কিন নাগরিকদের জন্য কনস্যুলার সহায়তা সীমিত।
মার্কিন নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, পাকিস্তানে গেলে স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখতে হবে, ভ্রমণ পরিকল্পনা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে এবং বড় ভিড় বা বিক্ষোভ এড়িয়ে চলতে হবে।

