গুয়াহাটি: প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। নিহত দুই পাইলট, শোকপ্রকাশ করল বায়ুসেনা ও প্রতিরক্ষামন্ত্রী।
অসমের কার্বি আংলং জেলায় ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পাইলট— স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুর্বেশ দুরাগকর।
বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, জোরহাট এয়ারবেস থেকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যোগাযোগ হারানোর পর বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা পাহাড়ি এলাকায় প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আগুনের গোলা দেখতে পেয়েছেন।
ভারতীয় বায়ুসেনা এক্স-এ পোস্ট করে জানিয়েছে, “সুখোই দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পুর্বেশ দুরাগকরের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তাঁদের সাহস ও দেশের প্রতি অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও শোকপ্রকাশ করে বলেছেন, “তাঁদের সাহস ও দেশের সেবাকে গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।”
সুখোই-৩০ এমকেআই রাশিয়ার তৈরি দুই আসনের দীর্ঘপাল্লার যুদ্ধবিমান, যা বর্তমানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর মাধ্যমে লাইসেন্সে তৈরি হয়। ১৯৯৭ সালে প্রথমবার এই বিমান ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়। বর্তমানে বায়ুসেনার কাছে ২৬০টিরও বেশি সুখোই-৩০ এমকেআই রয়েছে।
এর আগে ২০২৪ সালের জুনে মহারাষ্ট্রের নাসিকে এবং ২০২৩ সালের জানুয়ারিতে গ্বালিয়রে সুখোই দুর্ঘটনার ঘটনা ঘটেছিল।

