হুমায়ুনের নতুন দলের নামের আগে ‘আম’ জুড়ল নির্বাচন কমিশন

বেলডাঙ্গা: হুমায়ুন কবীরের নতুন দলের নামের আগে বসল ‘আম’, কমিশনের নির্দেশে নাম পরিবর্তন! নির্বাচন কমিশনের নির্দেশে হুমায়ুন কবীরের নতুন দলের নাম হলো ‘আম জনতা উন্নয়ন পার্টি’।

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। গত বছর ডিসেম্বর মাসে তিনি ঘোষণা করেছিলেন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। তবে নির্বাচন কমিশনের নথি যাচাইয়ে দেখা যায়, ওই নামে ইতিমধ্যেই আরেকটি দল রেজিস্ট্রেশন করেছে।

ফলে কমিশনের নির্দেশে নাম পরিবর্তন করা হয়। নতুন দলের নাম হলো আম জনতা উন্নয়ন পার্টি (Am Janata Unnayan Party) । সংক্ষেপে এর নাম এজিইউপি (AJUP)। বুধবার হোলির দিন এই নামের রেজিস্ট্রেশন মঞ্জুর করেছে কমিশন। হুমায়ুন কবীর জানিয়েছেন, নতুন দলের নামে বিজ্ঞাপন দিতে কমিশন তাঁকে নির্দেশ দিয়েছে। এরপর প্রতীকের জন্য আবেদন করতে হবে। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে তার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে আম জনতা উন্নয়ন পার্টি।

About The Author