বিশ্ববাজারে তেলের দাম বাড়ল! ভারতে কি এর প্রভাব পড়বে? পড়ুন বিষদে

নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে বিশ্ববাজারে বেড়ে গেল জ্বালানী তেলের দাম। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্রেন্ট ক্রুড ৮০ ডলার ছুঁয়েছে। ভারতীয় বাজারেও পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে কি না? সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সংঘাত ও মার্কিন হামলার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুড প্রায় ৮০ ডলার ব্যারেল ছুঁয়েছে, আর মার্কিন ক্রুড ফিউচার এক সপ্তাহে ৮.৬% বেড়ে ৭২.৭৯ ডলারে পৌঁছেছে। যেহেতু ভারত তার মোট চাহিদার প্রায় ৮৮% অপরিশোধিত তেল আমদানি করে, তাই এই দামবৃদ্ধি দেশের আমদানি বিল ও মুদ্রাস্ফীতির ওপর চাপ ফেলতে পারে।

তবে সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে আপাতত পেট্রোল-ডিজেলের দাম বাড়বে না। এপ্রিল ২০২২ থেকে খুচরা দামে কোনো পরিবর্তন হয়নি। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি (IOC, BPCL, HPCL) আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামার সময় লোকসান ও লাভ নিজেদের মধ্যে সামলে নিয়েছে। সরকার ভোক্তাদের সুরক্ষা দিতে চাইছে এবং নির্বাচনী রাজনীতির প্রেক্ষিতে হঠাৎ দাম বাড়ানো এড়াতে সচেষ্ট।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের হাতে প্রায় ২৫ দিনের তেল ও পরিশোধিত জ্বালানির মজুত রয়েছে। তবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, বিমা কোম্পানিগুলি কভারেজ প্রত্যাহার করছে, ফলে দীর্ঘমেয়াদে সরবরাহ সংকট দেখা দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির থাকতে পারে।

About The Author