মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ল। এবার ইরান হামলা চালাল ওমান উপকূলে একটি তেলের ট্যাঙ্কারে। ‘Skylight’ নামের ওই ট্যাঙ্কারটি পালাউয়ের পতাকা বহন করছিল এবং হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল। সেই সময় ইরানের ছোড়া ড্রোন আছড়ে পড়ে জাহাজটির উপর।
ট্যাঙ্কারটিতে মোট ১৫ জন ভারতীয় ছিলেন বলে জানা গেছে। ওমানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুরো ক্রু-কে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এর পাশাপাশি ওমানের দুকম বন্দরেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মুসন্দম অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আংশিকভাবে ওমানের হাতেও রয়েছে। এই প্রণালী দিয়েই বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ হয়।
এই হামলা এসেছে এমন সময়ে যখন আমেরিকা ও ইজরায়েলের আক্রমণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। তার পাল্টা প্রতিশোধ হিসেবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

