ইরানে স্কুলের ওপর আছড়ে পড়ল মিসাইল! অন্তত ৫১ ছাত্রীর মৃত্যু

তেহরান: ক্লাস চলাকালীন আচমকাই উড়ে এল মিসাইল! আমেরিকা-ইজরায়েলের হামলায় গুঁড়িয়ে গেল ইরানের স্কুল, অন্তত ৫১ ছাত্রীর মৃত্যুর খবর।

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ভয়াবহ রূপ নিল। শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে অন্তত ৫১ জন ছাত্রী নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার সময় স্কুলে ক্লাস চলছিল। হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত করে, গুঁড়িয়ে যায় স্কুলের একাংশ।

ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, মিনাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড-এর একটি ঘাঁটি রয়েছে। সেই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। কিন্তু পাশের স্কুলটি ক্ষতিগ্রস্ত হয় এবং বহু পড়ুয়া প্রাণ হারায়। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার সকাল থেকেই তেহরানসহ ইরানের একাধিক শহরে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানবাসীর উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “এবার নিজেদের ভাগ্য নির্ধারণের সময় এসে গিয়েছে। ক্ষমতা বদলের জন্য প্রস্তুত হোন।” অন্যদিকে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “এবার শাসক বদলানোর সময় এসেছে। নিজেদের ভাগ্য ঠিক করতে সাহসী পদক্ষেপ করুন।”

ইরানও পাল্টা হামলা শুরু করেছে। জানা গেছে, আমেরিকা ও ইজরায়েলের সেনা ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন সেনা ছাউনি থাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার, বাহরিন, ইরাক, সৌদি আরব ও জর্ডনে। কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

About The Author