মল্লিক বাড়িতে অভিষেকের পা পড়তেই রাজনীতিতে কোয়েল?

কলকাতা: রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক কোয়েল মল্লিক। খুব সম্প্রতি মল্লিক বাড়িতে অভিষেকের সফরের পরই এই ঘোষণা, রাজনৈতিক মহলে তাই জল্পনা ছড়িয়েছে।

শুক্রবার সন্ধ্যা রাতে পশ্চিমবঙ্গের পাঁচটি রাজ্যসভা আসনে ভোটের আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকায় রয়েছেন প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক রাজীব কুমার, গায়ক ও মন্ত্রী বাবুল সুপ্রিয়, আইনজীবী মেনকা গুরুস্বামী এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

কোয়েল মল্লিক রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তিনি মূলত বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত। বিশেষ করে বিধবা নারী ও শিশুদের জন্য কাজ করেন। ২০১৩ সালে প্রযোজক নিস্পল সিংকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই সন্তান রয়েছে। কোয়েলের জন্ম কলকাতায়, বাবা রঞ্জিত মল্লিক বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এবং মা দীপা মল্লিক। তাঁদের পরিবার কলকাতার ভবানীপুরের মল্লিক বাড়িতে বসবাস করে।

কোয়েল মল্লিকের পড়াশোনা হয়েছে মডার্ন হাই স্কুল ফর গার্লস এবং পরে গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে। তিনি মনোবিজ্ঞানে অনার্স করেছেন। টলিউডে তাঁকে “টলি কুইন” নামেও ডাকা হয়।

কয়েকদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে দেখা করেছিলেন। যদিও উন্নয়নের খতিয়ান তুলে ধরে রঞ্জিত মল্লিককে সম্মান জানাতেই ওই সাক্ষাত ছিল বলে জানান। তবে কোয়েল মল্লিকের সঙ্গে নাম জুড়ে যাওয়ায় দুয়ে দুয়ে চার করছেন নেটাগরিকেরা। সেদিনের সেই সাক্ষাৎ এবং আজকের প্রার্থী ঘোষণার মধ্যে রাজনৈতিক যোগসূত্র আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক হিসেবে দেখা হচ্ছে— সাংস্কৃতিক জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে রাজ্যসভায় নতুন মুখ আনার কৌশল।

About The Author