বামফ্রন্ট–আইএসএফ জোট নিয়ে টানাপোড়েন, বুধবার হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা

কলকাতা: ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বামফ্রন্ট ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) জোট নিয়ে আলোচনা জোরদার হয়েছে। এই নিয়ে দফায় দফায় দুই দলের মধ্যে বৈঠক হচ্ছে।

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, বেশ কিছু আসনে ইতিমধ্যেই ঐকমত্য তৈরি হয়েছে, তবে একাধিক আসন নিয়ে টানাপোড়েন অব্যাহত। তাঁর কথায়, “কিছু আসনে আমরা অনড় রয়েছি, আবার কিছু আসনে বামেরাও অনড়। কয়েকটি আসনে কোনওভাবেই সমঝোতা সম্ভব নয়, তা আমরা জানিয়ে দিয়েছি।”

২০২১ সালের নির্বাচনে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা আসনে আইএসএফ ও বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক উভয়েই প্রার্থী দিয়েছিল। এবার এমন পুনরাবৃত্তি হবে না বলেই দাবি করেছেন নওশাদ। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, বামফ্রন্ট ও আইএসএফ ছাড়াও কিছু রাজনৈতিক ও সামাজিক শক্তি এই জোটে শামিল হতে পারে।

নওশাদ জানিয়েছেন, বেশ কিছু রাজনৈতিক দল আইএসএফের কাছে জোটে শামিল হওয়ার আবেদন জানিয়েছে। তবে তাঁদের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। গত বছরই নওশাদ বামফ্রন্ট চেয়ারম্যানকে চিঠি দিয়ে জোটের প্রস্তাব দেন। একই চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতিকে পাঠালেও কোনও উত্তর আসেনি। ফলে কংগ্রেস এবার এককভাবে লড়াই করবে।

২০২১ সালে বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট করে সংযুক্ত মোর্চার নামে ভোটে লড়েছিল আইএসএফ। সেই লড়াইয়ে একমাত্র জয় পেয়েছিলেন নওশাদ নিজে। এবার কংগ্রেস এককভাবে লড়াই করায় বামফ্রন্ট ও আইএসএফ দ্রুত আসন সমঝোতা সেরে ভোটের ময়দানে নামতে চাইছে। আইএসএফ সূত্রে খবর, তারা প্রায় ৫০টি আসনে লড়াই করতে চেয়ে আবেদন জানিয়েছে। বুধবারের বৈঠকেই চূড়ান্ত আসনসংখ্যা জানা যেতে পারে।

About The Author