বাংলাদেশী পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে দরজা খুলল শিলিগুড়ির হোটেল মালিকরা

শিলিগুড়ি: বাংলাদেশী পর্যটকদের জন্য অবশেষে সুখবর। দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর শিলিগুড়ির হোটেল মালিকরা শর্তসাপেক্ষে তাঁদের জন্য বুকিং চালু করেছেন।

২০২৪ সালের অগাস্ট মাসে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে একাংশের মধ্যে ভারত বিরোধী মনোভাব প্রকাশ্যে আসে। কখনও ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ, কখনও আবার ভারতের ভৌগোলিক মানচিত্র পরিবর্তনের হুঁশিয়ারি, এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশি নাগরিকদের জন্য বুকিং বন্ধ করেছিলেন।

তবে ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের তরফে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের বার্তা আসে। ভারতও বাংলাদেশিদের জন্য পুনরায় হেলথ ও স্টুডেন্ট ভিসা প্রদান শুরু করেছে।

এই পরিস্থিতিতে নতুন সিদ্ধান্ত নিয়েছেন শিলিগুড়ির হোটেল মালিকেরা। সংগঠনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানিয়েছেন, “বাংলাদেশিরা যদি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন, তাহলে আমরা তাঁদের অতিথি হিসেবেই স্বাগত জানাতে প্রস্তুত।

তবে আগের মতো ভারত বিরোধী মনোভাব দেখা গেলে আবারও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব।” এই ঘোষণায় পর্যটন মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, বাংলাদেশি পর্যটকদের ফিরে আসায় শিলিগুড়ির অর্থনীতি ও পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে।

About The Author