কলকাতা: প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মমতা লিখেছেন, ‘মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে।’ তৃণমূল নেত্রী আরও লেখেন, ‘তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। বাংলার রাজনীতিতে তাঁর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
মুকুলকে শেষ শ্রদ্ধা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘তাঁর প্রয়াণে বাংলার রাজনৈতিক ইতিহাসের এক যুগের অবসান ঘটল। অভিজ্ঞ এই নেতা রাজ্যের জনজীবন ও রাজনৈতিক যাত্রাপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্নে তিনি সংগঠনকে বিস্তৃত ও সুসংহত করতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। জনজীবনের প্রতি তাঁর নিষ্ঠা সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।’
বিধানসভায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানেও ছিলেন অভিষেক। বিধানসভায় তৃণমূল, বিজেপির বিধায়কেরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুকুল রায়ের পার্থিবে।

