জঙ্গি সন্দেহে গ্রেফতার মালদার উমর ফারুক, পরিবারের দাবি, ‘ফাঁসানো হয়েছে’

মালদা: কলকাতা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছিলেন মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অশিন টোলার বাসিন্দা উমর ফারুক। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা এই যুবক দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করতেন বলে দাবি পরিবারের।

পরিবারের বক্তব্য, ঈদের সময় বাড়ি ফেরার কথা ছিল উমরের। গত রবিবার স্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছিল। বাবা আক্তার হোসেনও একসময় ভিনরাজ্যে কাজ করতেন। উমর ফারুক বড় ছেলে, ভাই হাসান আলি টোটো চালক। মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা বাড়িতে পাঠাতেন তিনি।

গ্রেফতারের খবর ফোনে জানতে পেরেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। তাঁদের দাবি, উমরের স্বভাব-আচরণ ভালো ছিল, তাঁকে ফাঁসানো হয়েছে। এদিকে, উমর ফারুক গ্রেফতার হওয়ার পর গোটা গ্রামজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, হঠাৎ করে এমন ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

About The Author