শিলিগুড়ি: ‘আমার থেকে বড় গুন্ডা কেউ নেই’— পুলিশকে ফোনে হুমকি দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার!
দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার-এর বিরুদ্ধে পুলিশকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে বলতে শোনা যায়, “আমার থেকে বড় গুন্ডা কেউ নেই।” যদিও ভিডিওটির সত্যতা এখনও যাচাই হয়নি।
ঘটনাটি শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ঝমকলাল জোত গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে। গত ডিসেম্বর মাসে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে এক গর্ভবতী মহিলা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন। পরে সন্তান জন্মের পর শিশুটি মারা যায়।
মঙ্গলবার ওই মহিলার বাড়িতে গিয়ে রাজু বিস্তার তদন্তের অগ্রগতি জানতে ফাঁসিদেওয়া থানার ওসি সুদীপ বিশ্বাসকে ফোন করেন। অভিযোগ, কথোপকথনের সময় তিনি বলেন, “আপনি তৃণমূলের দালাল। কার সঙ্গে কথা বলছেন জানেন? যত গুন্ডা আছে সবাইকে বলে দেবেন, আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই।”
এই ঘটনায় তৃণমূলের জেলা চেয়ারম্যান সঞ্জয় টেব্রিয়াল বলেন, “একজন সাংসদ যখন এই ভাষা ব্যবহার করেন, তখন বোঝা যায় তাঁদের কালচার কী। বাংলায় আইন নিজের মতো চলে, এখানে ধমক দিয়ে কোনও লাভ নেই।”

