চাঞ্চল্যকর ঘটনা কোচবিহারের দিনহাটায়। সীমান্ত পেরিয়ে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন এক বাংলাদেশি যুবক। তাঁর নাম ওমর ফারুক ব্যাপারী। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে বাংলাদেশি নাগরিকের একাধিক নথি উদ্ধার হয়েছে।
অভিযোগ, বাংলায় SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর ওমর ফারুকও ফর্মফিলাপের আবেদন করেন। সেখানে এলাকার এক বাসিন্দাকে নিজের ‘বাবা’ হিসেবে দেখান। বিষয়টি জানাজানি হলে ওই ব্যক্তির স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে জানা যায়, ওমর কোনও আত্মীয় নন, বরং জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছিলেন।
পুলিশ তদন্ত শুরু করলে অভিযুক্ত গা ঢাকা দেন। তবে শেষ পর্যন্ত সাহেবগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বুধবার তাঁকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়েছে।
ধৃতের দাবি, তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে। তৃণমূলের লোকজন তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে বলে তিনি দাবি করেছেন। তবে পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশ ও জাল নথি তৈরির অভিযোগে মামলা রুজু হয়েছে।

